তিলোত্তমা ছাড়ছেন মেধাবীরা, কলকাতায় কি তবে শুধু বৃদ্ধরাই থাকছেন?
বার্তা ডেস্কঃ 
রাজ্যের তরুণ প্রজন্ম কাজের সন্ধানে বেঙ্গালুরু, গুরুগ্রাম, নয়ডা কিংবা বিদেশে চলে যাওয়ায় কলকাতা ক্রমশ ‘বৃদ্ধ ও অবসরপ্রাপ্তদের শহর’ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এক অনুষ্ঠানে বাংলার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, এই ধারাবাহিক প্রতিভার বহির্গমন বা ‘ব্রেন ড্রেন’-এর ফলে রাজ্যজুড়ে দক্ষ কর্মীর মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে। গত কয়েক দশকে অর্থনৈতিক অধঃপতনের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাঁর মত।
অর্থমন্ত্রীর মতে, দক্ষিণ কলকাতায় প্রচারের সময় তিনি এমন বহু পরিবারের মুখোমুখি হয়েছেন, যাদের সন্তানরা কর্মসংস্থানের কারণে রাজ্য ছেড়ে বাইরে স্থায়ী হয়েছেন। বাঙালিরা ব্যবসাবিরোধী—এমন পুরনো মানসিকতার পরিবর্তন ঘটিয়ে উৎপাদন শিল্প, পরিষেবা এবং প্রযুক্তি খাতের ওপর জোর দিয়েই বাংলার অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি।