আর মাত্র ৪ মাস বাকি, মহাকাশে ইতিহাস গড়তে প্রস্তুত ইসরোর গগনযান!
বার্তা ডেস্কঃ
মহাকাশে মানুষ পাঠানোর ঐতিহাসিক স্বপ্ন পূরণের পথে আর এক ধাপ এগোল ভারত। আগামী চার মাসের মধ্যেই মহাকাশে পাড়ি দিতে চলেছে ইসরোর বহু প্রতীক্ষিত ‘গগনযান’ অভিযানের প্রথম চালকহীন রকেট। সম্প্রতি আহমেদাবাদে জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন। তিনি জানান, মহাকাশচারীদের নিরাপদে মহাকাশে পাঠানো এবং ফিরিয়ে আনার মতো অত্যন্ত জটিল প্রক্রিয়ার প্রস্তুতি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই লক্ষ্য অর্জনে ইতিমধ্যেই আট হাজারের বেশি ছোট-বড় সফল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
আসন্ন এই চালকহীন মিশনের মূল উদ্দেশ্য হল একটি হিউম্যান-রেটেড রকেট ও ক্রু মডিউলের কার্যকারিতা নিখুঁতভাবে পরীক্ষা করা। যেখানে খতিয়ে দেখা হবে জীবনদায়ী পরিবেশ, স্বয়ংক্রিয় মোড এবং পৃথিবীতে নিরাপদে ফিরে আসার সমস্ত সুরক্ষামূলক শর্ত। চূড়ান্ত মানববাহী অভিযানের আগে এমন অন্তত তিনটি চালকহীন মিশন সম্পন্ন করা হবে। পাশাপাশি, চলতি অর্থবর্ষেই ১২টি স্যাটেলাইট তৈরির পাশাপাশি ৮টি রকেট মহাকাশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।