ভাদ্রেই ফের দুর্যোগ! রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্ত এবং উপকূলের কাছে থাকা উচ্চচাপ বলয়ের প্রভাবে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সপ্তাহের শুরুতে বাঁকুড়া ও পুরুলিয়াতেও আবহাওয়া খারাপ থাকতে পারে। ভ্যাপসা গরমের অস্বস্তি কাটিয়ে এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও পুজো বাজারের কেনাকাটায় সামান্য ব্যাঘাত ঘটাতে পারে।
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন দফায় দফায় বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হওয়ার পর এই নিম্নচাপের জেরে তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে রবিবাসরীয় এই বৃষ্টিপাত সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত এবং ছুদিনের কেনাকাটায় প্রভাব ফেলতে পারে। আবহাওয়া দফতর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।