পাহাড়ের বুকে এআই কোডিং এক্সপ্রেস, নতুন দিগন্তের হাতছানি!
বার্তা ডেস্কঃ
প পাহাড়ের ঐতিহ্যবাহী টয়ট্রেন যাত্রার সঙ্গে এবার যুক্ত হচ্ছে আধুনিক ডিজিটাল শিক্ষা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে বিশেষ প্রযুক্তি সম্পন্ন ‘এআই কোডিং এক্সপ্রেস’। কার্শিয়াং থেকে দার্জিলিং রুটে চলাচলকারী এই ট্রেনের কামরায় বসেই স্থানীয় শিক্ষার্থীরা কোডিং ও কম্পিউটেশনাল স্কিলের বিশেষ ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবে। মনোরম পাহাড়ি পরিবেশের মাঝে তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করাতে এবং তাদের ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের স্টেশনগুলির একশো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘স্টেশন মহোৎসব’-এর অংশ হিসেবে এই বিশেষ ট্রেন যাত্রা পরিচালিত হচ্ছে। এই আয়োজনের অঙ্গ হিসেবে দার্জিলিং স্টেশনে একটি দুদিনের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়েছে। যেখানে লোকনৃত্য, সঙ্গীত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্থানীয় হস্তশিল্প প্রদর্শনী ছাড়াও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শিত হবে। রেল কর্তৃপক্ষের মতে, শতবর্ষের পুরোনো এই ঐতিহ্যকে ডিজিটাল বিপ্লবের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে পাহাড়ের শিক্ষার মান উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।