সরকারি হাসপাতালের মর্মান্তিক অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর বিস্ফোরণে ঝরে গেল তিন সদ্যোজাতের প্রাণ!
বার্তা ডেস্কঃ
মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিন সদ্যোজাতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের ভেন্টিলেটরে হঠাৎ বিস্ফোরণ ঘটার ফলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ওয়ার্ডের ভেতরে। ঘটনার সময় ওই ওয়ার্ডে মোট ৩৯টি সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল। হাসপাতাল কর্মী ও চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে বহু শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, রক্ষা করা যায়নি তিনজনকে। গুরুতর আহত অবস্থায় আরও ছয় শিশুকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিপ্রতিরোদক পরিকাঠামো নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং প্রাক্তন মন্ত্রী যশোমতী চন্দ্রকান্ত ঠাকুরসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যেই হাসপাতালের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন। ঘটনার আকস্মিকতায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে এবং রাজ্য প্রশাসন ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি সাহায্যের ঘোষণা করেছে। ডিসিপি সহ পুলিশের শীর্ষকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি বিশেষ এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে।