আর নয় স্লোগান! রাজ্যের সব মেডিক্যাল কলেজে আসছে প্রতিবাদের বিশেষ দেওয়াল!

বার্তা ডেস্কঃ

রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজে যত্রতত্র স্লোগান বা গ্র্যাফিতি লেখা রুখতে বড় পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। বর্ধমান মেডিক্যাল কলেজ চত্বরে স্লোগান বিতর্ক তৈরি হওয়ার মাত্র বাহাত্তর ঘণ্টার মধ্যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ঘোষণা করেছেন যে, প্রতিটি মেডিক্যাল কলেজেই তৈরি করা হবে একটি নির্দিষ্ট প্রতিবাদের দেওয়াল। যার নাম দেওয়া হতে পারে ‘ডেমোক্রেসি ওয়াল’ বা ‘প্রতিবাদ দেওয়াল’। স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তে ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার যেমন সুরক্ষিত থাকবে, তেমনই সরকারি সম্পত্তির দৃশ্যদূষণ রোধ করাও সম্ভব হবে।

সম্প্রতি বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে স্লোগান লেখা নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, তিনি প্রতিবাদের বিন্দুমাত্র বিরোধী নন। তবে সরকারি হাসপাতাল একটি উন্মুক্ত স্থান হওয়ায় সেখানে যত্রতত্র দেওয়াল লিখন আইনবিরুদ্ধ। প্রতিটি মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের সদস্যদের সঙ্গে আলোচনা করে এবং সকলের দৃষ্টিগোচর হয় এমন উপযুক্ত স্থানেই এই বিশেষ দেওয়ালগুলি তৈরি করা হবে। খুব শীঘ্রই জেলা প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ বাংলাজুড়ে বাস্তবায়িত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *