বীরভূমে বিজেপি নেতার বাড়িতে ভয়াবহ বোমাবাজি, ফেলে গেল সাদা থান ও হুমকি চিঠি!

বার্তা ডেস্কঃ

রবিবার গভীর রাতে বীরভূমের নানুর থানার তিলুটি গ্রামে বিজেপির মণ্ডল জেনারেল সেক্রেটারি রসময় দাসের বাড়ি লক্ষ্য করে অতর্কিত বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শুধু বোমাবাজিই করা হয়নি, সংলগ্ন বিজেপির একটি পার্টি অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি, ওই নেতার বাড়ির সামনে একটি সাদা থান, হুমকি চিঠি, মালা ও ধূপকাঠি রেখে যাওয়া হয়। এই ঘটনার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

প্রাথমিক সূত্রে জানা গেছে, এলাকায় পানীয় জলের সাবমার্সিবল পাম্পের বিদ্যুতের বিলের বকেয়া টাকাকে কেন্দ্র করে তৃণমূল নেতাদের সঙ্গে স্থানীয় কিছু বিজেপি সমর্থক পরিবারের কিছুদিন ধরে বিরোধ চলছিল। এদিকে, সোমবার ভোরে ঘটনাস্থলের কাছে একটি তাজা বোমা বিস্ফোরণে এক স্থানীয় বাসিন্দা জখম হন, যখন তাঁর গাড়ির চাকায় বোমাটি লেগে ফেটে যায়। খবর পেয়ে দ্রুত নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *