জাতীয় সঙ্গীত বেজে উঠতেই ক্যামেরা নামানোর নির্দেশ, ভূমির কোন আচরণে মুগ্ধ হলেন পাপারাজ্জিরা!
বার্তা ডেস্কঃ
সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সকলের নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর। লাল গালিচায় পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় হঠাৎই চারপাশ থেকে ভেসে আসে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’। আর এই মুহূর্তেই নজিরবিহীন এক দৃষ্টান্ত স্থাপন করেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে ছবি শিকারিদের ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি জানান, জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানানো সবার আগে প্রয়োজন। এরপর একপাশে স্থিরভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানান ভূমি। গান শেষ হওয়ার পরেই কেবল তিনি আবার ক্যামেরার মুখোমুখি হন এবং পোজ দেন।
সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে প্রশংসার জোয়ার। কিছুদিন আগেও বিভিন্ন ফ্যাশন চয়েস বা সোশাল মিডিয়া পোস্টের জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে জাতীয় সঙ্গীতের প্রতি ভূমির এই সম্মান প্রদর্শনের কদর করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পাপারাজ্জিরাও। নেটিজেনদের একাংশের মতে, অভিনেত্রীর এই বিচক্ষণ মনোভাব এবং দেশের সংস্কৃতির প্রতি সম্মানবোধ সত্যিই প্রশংসনীয়। জাতীয় সঙ্গীতের অবমাননা না করে বরং তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার এই বার্তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।