সন্তানকে দেখানোর ছলে স্বামীর খাবারে বিষ, প্রেমিকের সঙ্গে আঁতাঁতের ভয়ংকর পরিণতি!

বার্তা ডেস্কঃ

নদিয়ার শান্তিপুরে সন্তানকে দেখানোর নাম করে ডেকে এনে এক দিনমজুরকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল তাঁর স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তপন দাসের সঙ্গে প্রায় ২৩ বছর আগে মনিকা দাসের বিয়ে হয়েছিল এবং তাঁদের একটি সন্তান রয়েছে। অভিযোগ, সম্প্রতি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে মনিকা স্বামীর ঘর ছাড়েন। গত আট মাস ধরে সন্তানের সঙ্গে দেখা না হওয়ায় তপনকে হরিপুরের শ্বশুরবাড়িতে ডেকে পাঠান তাঁর স্ত্রী। সেখানে তাঁকে মিষ্টি ও পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে দেওয়া হয় বলে পরিবারের দাবি।

খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তপন এবং শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী মনিকা দাস ও তাঁর প্রেমিক পলাতক রয়েছেন। তপনের পরিবারের পক্ষ থেকে দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে, এই নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই শান্তিপুর থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *