বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে মিলল সবুজ সংকেত, যাত্রীদের জন্য দারুণ সুখবর!
বার্তা ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত বিস্তৃত মেট্রো করিডোরের (পিঙ্ক লাইন) জন্য অবশেষে নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তি পত্র প্রদান করল কলকাতা পুরসভা।
বিটি রোড ধরে ১২ কিলোমিটার দীর্ঘ এই বহুল প্রতীক্ষিত মেট্রো প্রকল্পের কাজ এতদিন আটকে ছিল। কলকাতা পুরসভা অনাপত্তি পত্র জারি করার পর রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এই সিদ্ধান্তকে উত্তর কলকাতার সংযোগ ব্যবস্থার একটি প্রধান মাইলফলক হিসেবে বর্ণনা করা হয়েছে।
এই প্রকল্প চালু হলে উত্তরাঞ্চলের ঘনবসতিপূর্ণ এবং বাণিজ্যিক এলাকাগুলোর বাসিন্দারা দ্রুত, আধুনিক ও নিরাপদ যাতায়াত সুবিধা পাবেন। পাশাপাশি বিটি রোডের দীর্ঘদিনের তীব্র যানজট সমস্যাও বহুলাংশে কমে আসবে। পুরসভার এই প্রাথমিক ছাড়পত্রে ব্যারাকপুরসহ সমগ্র উত্তর ২৪ পরগনার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।