শত্রুর বুক চিরে সাফ করবে দেশীয় একে-২০৩! সেনার হাতে আসছে নতুন ‘শের’
বার্তা ডেস্কঃ
আগামী ২০২৭ সালের এপ্রিলের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একে-২০৩ রাইফেল, যা ‘শের’ নামে পরিচিত। আমেঠির ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেডের কারখানায় এই অত্যাধুনিক অস্ত্রের উৎপাদন চলছে। বর্তমানে ১০টি প্রোটোটাইপ রাইফেলের একটি ব্যাচ ভারতীয় সেনার কাছে হস্তান্তর করা হয়েছে, যা আগামী এক মাস ধরে বিভিন্ন কঠোর পরীক্ষানিরীক্ষার মুখোমুখি হবে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একে-২০৩ রাইফেল প্রকল্পটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নিয়ম অনুযায়ী প্রোটোটাইপ ইউনিটগুলিকে ব্যবহারিক মূল্যায়ন, ডিরেক্টর জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স পরীক্ষা, মিলিটারি ইনফ্যান্ট্রি ট্রায়াল এবং পাহাড়ি বা গ্রীষ্মকালীন চরম আবহাওয়া পরিস্থিতিতে যাচাই করা হবে। এর আগে কারখানায় এই রাইফেলগুলির তিন হাজার বারের বেশি পরীক্ষামূলক ফায়ারিং সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র কিছু যন্ত্রাংশের নয়, বরং সম্পূর্ণ এন্ড-টু-এন্ড দেশীয়করণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেনার আধুনিকীকরণে এই অস্ত্র বড় ভূমিকা নেবে।