বিশ্বাসের সুযোগ নিয়ে প্রৌঢ়াকে খুনের চেষ্টা, বিশ্বাসঘাতকতার চরম রূপ!
বার্তা ডেস্কঃ
উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় একাকী এক প্রৌঢ়ার বিশ্বাসযোগ্যতার সুযোগ নিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মহর্ষি দেবেন্দ্র রোডের একটি বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে পরিচারকের কাজ করতেন সঞ্জয় ঘোষ। শনিবার দুপুরে মদ্যপ অবস্থায় ওই ফ্ল্যাটে ঢুকে রান্নাঘর থেকে ছুরি এনে প্রৌঢ়ার গলায় ধরে অভিযুক্ত। চিৎকার বন্ধ করতে টিভির আওয়াজ বাড়িয়ে দিয়ে তাঁর গলা থেকে সোনার গয়না ও আলমারি থেকে প্রায় সত্তর হাজার টাকা লুঠ করা হয়। এরপর প্রৌঢ়া প্রতিবাদ করলে তাঁর গলায় বেল্টের ফাঁস ও মুখে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা চালায় ওই পরিচারক। প্রায় অচৈতন্য অবস্থায় দীর্ঘক্ষণ ঘরের মেঝেতে পড়ে থাকার পর বিষয়টি জানাজানি হলে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ। আক্রান্ত প্রৌঢ়ার বিবৃতির ভিত্তিতে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযুক্তের খোঁজে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জোরদার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।