একমাস ধরে জলবন্দি স্কুল, নোংরা জল ভেঙে ঝুঁকি নিয়েই কি পড়ছে শিশুরা!
বার্তা ডেস্কঃ
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কেতকীনেশিয়া প্রাথমিক বিদ্যালয়ে গত প্রায় এক মাস ধরে এক হাঁটু জল জমে রয়েছে। স্কুল চত্বরে জমা নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পেরিয়েই পিঠে ব্যাগ নিয়ে প্রতিদিন ক্লাসে আসছে খুদে পড়ুয়ারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিদ্যালয় চত্বরেই হাঁস ঘুরে বেড়াচ্ছে। রান্নাঘরে জল ঢুকে যাওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বাধ্য হয়ে বারান্দাতেই মিড ডে মিল রান্না করতে হচ্ছে। গত বছর পাশের রাস্তা কংক্রিট হওয়ার পর থেকেই জল নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়েছে বলে অভিযোগ।
৩৬ জন ছাত্রছাত্রী ও তিন জন শিক্ষকের এই বিদ্যালয়ে চরম ভোগান্তি চলছে। প্রথমে একটি ক্লাবঘরে ক্লাস নেওয়ার চেষ্টা হলেও মৌমাছির উপদ্রবে তা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই জলমগ্ন স্কুলেই চলছে পঠনপাঠন। প্রধান শিক্ষক সত্যব্রত মাহাতো বিষয়টি প্রশাসনকে জানালেও সুরাহা হয়নি। অভিভাবকদের মতে, দীর্ঘদিন জমা জলে রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা রয়েছে। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে দ্রুত জমা জল সরানোর জোরালো দাবি তুলেছেন তারা।