রক্তদান শিবিরে ১২০০ টাকার কাটমানি, ধরা পড়ল ভুয়ো ডাক্তারের চক্র!

বার্তা ডেস্কঃ

রক্তদান শিবিরের মতো পবিত্র সমাজসেবায় চরম দুর্নীতির হদিস পেল রাজ্য স্বাস্থ্য ভবন। শহর থেকে জেলার একাধিক ব্লাড ব্যাঙ্কের অনিয়মের তদন্তে নেমে সামনে এসেছে ‘কাটমানি’ সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, রক্ত সংগ্রহের জন্য অভিজ্ঞ চিকিৎসকদের বদলে বিভিন্ন বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ভুয়ো ‘মেডিক্যাল অফিসার’ সাজিয়ে শিবিরে পাঠানো হতো।

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, রক্তদান শিবির পিছু বরাদ্দ ১২০০ থেকে ১৫০০ টাকার সিংহভাগই পকেটে পুরত প্রভাবশালী ছাত্রনেতারা। শিবিরে যাওয়া মেডিক্যাল পড়ুয়াদের হাতে নামমাত্র ৮০০ টাকা ধরিয়ে দিয়ে বাকি ৩০০-৪০০ টাকা আত্মসাৎ করা হতো। এই চক্রের শিকড় খুঁজতে গিয়ে এসএসকেএম, এনআরএস ও ন্যাশনাল মেডিক্যাল কলেজের শতাধিক পড়ুয়া এখন স্বাস্থ্য ভবনের নজরদারিতে।

আদালতের নির্দেশে সম্প্রতি এন্টালির লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কে হানা দেন স্বাস্থ্য দফতর, ড্রাগ কন্ট্রোল ও অর্থ দফতরের আধিকারিকরা। সেখান থেকে শতাধিক মেডিক্যাল ছাত্রের তালিকা উদ্ধার হয়। ইতিমধ্যেই এনআরএস ও ন্যাশনাল মেডিক্যাল কলেজের চার ফাইনাল ইয়ারের ছাত্রকে টানা জিজ্ঞাসাবাদ করে লিখিত মুচলেকা নিয়েছে স্বাস্থ্য ভবন। আগামী ২৮ আগস্ট আদালতে এই তদন্ত রিপোর্ট জমা দেবে স্বাস্থ্য দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *