আরজি কর কাণ্ডে বড় মোড়, জামিন পেতে মরিয়া সন্দীপ ঘোষ!
বার্তা ডেস্কঃ
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভয়াবহ ঘটনা এবং প্রাতিষ্ঠানিক আর্থিক দুর্নীতি মামলা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় অব্যাহত। বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মামলার তদন্ত নতুন করে শুরুর নির্দেশ দিয়েছেন। ঠিক এই আবহেই জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শীর্ষ আদালত তাঁর আবেদন গ্রহণ করে সিবিআই-কে নোটিশ পাঠিয়ে মতামত জানতে চেয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি পি বি ভারালের বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের সেই চাঞ্চল্যকর ঘটনার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। ধর্ষণ-খুন মামলার পাশাপাশি টেন্ডার জালিয়াতি ও নিয়ম ভেঙে ঘনিষ্ঠদের বরাত দিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ধর্ষণ মামলায় তিনি জামিন পেলেও, দুর্নীতি মামলায় এখনও জেলে বন্দি।
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়ার পরিবারের সাথে দেখা করে তদন্তে গতি আনার কড়া বার্তা দেন। এর পরেই জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং নির্মল ঘোষ গ্রেপ্তার হন। রাজ্য সরকারের এই কঠোর অবস্থানের মধ্যেই সন্দীপ ঘোষের জামিনের আবেদন সুপ্রিম কোর্টে কী মোড় নেয়, এখন সেদিকেই সবার নজর।