পাহাড়ের যানজট এবার অতীত, দার্জিলিং-কালিম্পং যাতায়াত হবে রোপওয়েতে!
বার্তা ডেস্কঃ
উত্তরবঙ্গের পর্যটন শিল্পে জোড়া চমক দিতে চলেছে রাজ্য সরকার। কালিম্পং থেকে দার্জিলিং পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ এক বিশাল রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শৈলশহর দুটির মধ্যে যানজট এড়িয়ে বিকল্প ও দ্রুত পরিবহণ ব্যবস্থার পাশাপাশি পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ তৈরি হবে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটন সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে মুখ্যসচিব মনোজ অগ্রবাল, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী উপস্থিত ছিলেন।
একই সঙ্গে উত্তরবঙ্গে একটি বৃহৎ যোগকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় এক হাজার মানুষ যোগব্যায়াম অনুশীলন করতে পারবেন। পর্যটনমন্ত্রীকে দ্রুত উপযুক্ত জমি খুঁজে বার করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের পর্যটনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আরও একাধিক বড় পদক্ষেপের ঘোষণা করা হয়েছে:
- বিমানবন্দরে প্রচার: সুন্দরবন, দিঘা-মন্দারমণি এবং ডুয়ার্স-দার্জিলিংয়ের আকর্ষণীয় স্থানগুলোকে তুলে ধরে দেশের সমস্ত বিমানবন্দরে প্রচার চালানো হবে।
- জলপথে নিরাপত্তা ও রোমাঞ্চ: সুন্দরবনে প্রমোদতরী এবং দিঘা-মন্দারমণিতে স্পিডবোট চালু করা হবে। পর্যটকদের সুরক্ষায় প্রস্তুত রাখা হবে রেসকিউ বোট ও বিশেষ ওয়াটার অ্যাম্বুল্যান্স।
- নতুন লোগো: আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন রাজ্য সরকারের পর্যটন দফতরের নতুন লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।