পরমাণু কেন্দ্রে ভারতীয় ড্রোন! পাকিস্তানে তোলপাড় করা তথ্য ফাঁস
বার্তা ডেস্কঃ
গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের কিরানা পর্বতে অবস্থিত পরমাণু ঘাঁটিতে ভারতীয় ড্রোন আছড়ে পড়া নিয়ে তীব্র শোরগোল তৈরি হয়েছিল। সামাজমাধ্যমে দাবি করা হয়েছিল, ভারতের হামলায় সেখানে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়েছে। তবে তৎকালীন সময়ে নয়াদিল্লি সেই দাবি পুরোপুরি খারিজ করে দেয়। অবশেষে এক বছর পর এই ঘটনার পেছনের আসল রহস্য উন্মোচন করলেন প্রাক্তন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। তিনি স্পষ্ট জানান, ভারতের উদ্দেশ্য কিরানা পর্বতের পরমাণু কেন্দ্র নিশানা করা ছিল না, বরং জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণেই ঘটেছিল এই অঘটন।
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জেনারেল অনিল চৌহান জানান, পাকিস্তান সীমান্তে রাডার খোঁজার জন্য ইজরায়েলি নকশায় তৈরি বেশ কয়েকটি হারপ ড্রোন পাঠানো হয়েছিল। এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে চক্কর কেটে লক্ষ্যবস্তু না পেলে শেষ পর্যন্ত যেকোনো স্থানে আঘাত হানতে পারে। কিরানা পার্বত্য অঞ্চলে পৌঁছানোর পর ড্রোনটির জ্বালানি শেষ হয়ে যায় এবং সেটি কাকতালীয়ভাবে সেখানে আছড়ে পড়ে। বায়ুসেনার তৎকালীন এয়ার অপারেশনস-এর ডিরেক্টর জেনারেল এয়ার মার্শাল একে ভারতী তাকে নিশ্চিত করেছিলেন যে কিরানা পর্বতে হামলা চালানো বায়ুসেনার পরিকল্পনা ছিল না।