বাংলার রূপকথার বিয়ে! কম খরচে রাজ্যেই মিলছে বিশ্বমানের ওয়েডিং ডেসটিনেশন
বার্তা ডেস্কঃ
তরুণ প্রজন্মের কাছে বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে বিদেশ বা ভিনরাজ্যে গিয়ে বিয়ে করার বিপুল খরচ সবার সাধ্যে কুলোয় না। মধ্যবিত্ত বাঙালি হবু দম্পতিদের এই স্বপ্ন পূরণ করতে এবার অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। বাংলার সমৃদ্ধ সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানগুলিকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক মানের ‘ওয়েডিং ডেস্টিনেশন’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি এই বিষয়ে প্রথম সারির একাধিক ওয়েডিং প্ল্যানারের সঙ্গে ইতিবাচক আলোচনা সম্পন্ন করেছে পর্যটন দফতর।
রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, বাংলায় সমুদ্র থেকে পাহাড়—সব ধরনের প্রাকৃতিক বৈচিত্র্য যেমন রয়েছে, তেমনই রয়েছে বহু ঐতিহ্যমন্ডিত ভবন ও প্রাসাদ। ভবিষ্যতে দার্জিলিং, সুন্দরবন, পুরুলিয়া এবং দিঘার মতো জনপ্রিয় স্থানগুলিকে ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রধান স্পট হিসেবে প্রস্তুত করা হবে। পর্যটন পরিকাঠামোর উন্নয়ন ও জেলাভিত্তিক প্যাকেজের মাধ্যমে রাজ্যকে একটি গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে তুলে ধরার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর ফলে সাধারণ মধ্যবিত্তের নাগালেই এবার আসবে স্বপ্নের মতো রাজকীয় বিয়ের আয়োজন।