দুর্গাপুজোর নিয়ম ভাঙছে ঐতিহ্য! আসরে নামল বিশ্ব হিন্দু পরিষদ
বার্তা ডেস্কঃ
বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে এবার এক নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। প্যান্ডেলের থিম থেকে প্রতিমার ঘরানা—সব কিছুতেই নির্দিষ্ট অনুশাসন ও ধর্মীয় ভাবধারা বজায় রাখতে সল্টলেকের ইজেডসিসিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে তারা। এই বৈঠকে কলকাতার বিভিন্ন পুজো কমিটির সংগঠক, সাধুসন্ত ও পুরোহিতদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভিএইচপির দাবি, উৎসবের নামে সাম্প্রতিককালে প্রতিমা ও শিল্পশৈলীতে যা হচ্ছে তা শাস্ত্রের পরিপন্থী। তাই পুজোর সাত্ত্বিকতা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া বাংলার দুর্গাপুজোয় এই ধরনের অনুশাসন জারির প্রচেষ্টা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পুজো উদ্যোক্তাদের একাংশের মতে, আধুনিক থিম ও শিল্পশৈলীর হাত ধরেই দুর্গাপুজো আজ বিশ্বমঞ্চে প্রশংসিত। তবে ঐতিহ্য ও ভক্তির ভারসাম্য বজায় রাখাও সমান জরুরি। সব মিলিয়ে, বিশ্ব হিন্দু পরিষদের এই বৈঠক ঘিরে পুজো মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত এই আলোচনা থেকে কী বার্তা উঠে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।