কোদাল হাতে স্কুলের জঞ্জাল পরিষ্কার, অন্নপূর্ণার টাকা পেতেই দম্পতির বড় সিদ্ধান্ত!

বার্তা ডেস্কঃ

সরকারি প্রকল্পের অনুদান পেয়ে সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পুরুলিয়ার হুড়ার আমলাতোড়ার এক দম্পতি। সম্প্রতি অন্নপূর্ণার আর্থিক সহায়তা হাতে পাওয়ার পর কৃতজ্ঞতাবশত সমাজের জন্য কিছু একটা করার তাগিদ অনুভব করেন উপভোক্তা মমতা মাহাতো। সেই ভাবনা থেকেই গত সোমবার সকালে স্বামী লেলিন মাহাতোকে সঙ্গে নিয়ে হাতে কোদাল ও ময়লার ধামা তুলে নেন তিনি। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের আশপাশে জমে থাকা জঞ্জাল ও আবর্জনা পরিষ্কার করে শিক্ষক ও পড়ুয়াদের মুখে স্বস্তি ফোটান এই দম্পতি।

শুধু সাফাই কাজই নয়, ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির আওতায় তাঁরা বৃক্ষরোপণও করেন। অভাবের সংসারে ছোট গ্যারেজ সামলানোর ফাঁকে তাঁদের এই সমাজসেবামূলক উদ্যোগ মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আমলাতোড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃত্তিবাস মাহাতো ও স্থানীয় বাসিন্দারা এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি, পুরুলিয়া জেলা প্রশাসনও দম্পতির এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে, যা এখন গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *