দুর্গাপুরে প্রকাশ্য রাস্তায় গাড়ির মেলা, বিজেপি বিধায়কের হুঙ্কারে অস্বস্তিতে শাসকদল!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারি রাস্তা ও ডিভাইডারের অংশ দখল করে অবৈধভাবে সেকেন্ড-হ্যান্ড গাড়ি বিক্রির অভিযোগ উঠল। কবিগুরু এলাকা থেকে ভগৎ সিং মোড় যাওয়ার ব্যস্ত রাস্তায় সারি দিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। এই ঘটনায় কড়া অবস্থান নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণচন্দ্র ঘোড়ুই এটিকে ‘তৃণমূল জমানার ট্র্যাডিশন’ বলে কটাক্ষ করেছেন এবং অবিলম্বে জবরদখল না সরালে কঠোর আইনি ব্যবস্থার কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে আসানসোল-দুর্গাপুর ট্রাফিক বিভাগ অবৈধ পার্কিং ও রাস্তা দখলের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গাড়িগুলি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী দিনে সরকারি রাস্তা আটকে গাড়ি পার্কিং করলে জরিমানা সহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *