নিখোঁজ কিশোরী, চলন্ত বাসে নৃশংসতা! ফের লজ্জায় ঢাকল নয়ডা

বার্তা ডেস্কঃ

দিল্লির পার্শ্ববর্তী গ্রেটার নয়ডায় এক ষোড়শী কিশোরীকে চলন্ত স্লিপার বাসে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশের মাইনপুরীর বাসিন্দা ষোড়শী ওই কিশোরী গত ৪ আগস্ট মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে ভাইয়ের ঠিকানার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাতে প্রবল বৃষ্টির মধ্যে ভুলবশত সে পরি চৌক এলাকায় নেমে পড়ে এবং গন্তব্যে পৌঁছানোর ভরসায় একটি ফাঁকা স্লিপার বাসে ওঠে। অভিযোগ, বাস ছাড়ার পরই কন্ডাক্টর সন্দীপ ও চালক কুলদীপ মিলে চলন্ত বাসের ভেতরে তাকে গণধর্ষণ করে। প্রতিবাদ করায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। বাসটির ভেতরে পর্দা টানা থাকায় বাইরের কেউ কিছু দেখতে পায়নি। পরে দিল্লির কাশ্মীর গেট টার্মিনালের কাছে রিং রোডে তাকে রাস্তায় ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার পরপরই কিশোরী কাশ্মীর গেট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। দিল্লি পুলিশের উত্তর জেলার ডেপুটি কমিশনার নীহারিকা ভাটের নেতৃত্বে শুরু হওয়া দ্রুত তদন্তে তিমারপুর এলাকার একটি পার্কিং থেকে অভিযুক্ত বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি অপরাধে ব্যবহৃত বাসটি বাজেয়াপ্ত করেছে। ফরেনসিক দল বাস থেকে ভুক্তভোগীর চুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে। নির্ভয়া কাণ্ডের স্মৃতি উস্কে দেওয়া এই পৈশাচিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিরাপত্তার প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *