জেন জির মুখে হনুমান চালিসা, বাংলার ৫০০ বছরের ইতিহাসে কি আসছে বড় বদল?
বার্তা ডেস্কঃ
September 2, 202610:33 am
চলতি বছরেই পশ্চিমবঙ্গের ১০০৮টি স্থানে জেন জি বা তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে সমবেত হনুমান চালিসা পাঠের সংকল্প নিয়েছে রামানন্দ মিশন। মূলত আধুনিকতার যুগে যুবসমাজকে নিজেদের শিকড় এবং সনাতন সংস্কৃতির সঙ্গে পুনরায় যুক্ত করতেই এই বিশাল আধ্যাত্মিক উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই মেগা সনাতন মহাঅনুষ্ঠান ও ১০০৮ কুণ্ডীয় যজ্ঞের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আচার্য শ্রী রামচন্দ্র দাস জি মহারাজ।
প্রায় পাঁচ শতাব্দী পর বাংলার মাটিতে এত বৃহৎ পরিসরে সনাতন ধর্মীয় আয়োজন হতে চলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিবর্গ। আয়োজকদের মতে, শ্রীচৈতন্য মহাপ্রভু ও স্বামী বিবেকানন্দের পদাঙ্ক অনুসরণ করে এই রাজ্যের গৌরবময় আধ্যাত্মিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে আরও শক্তিশালীভাবে ছড়িয়ে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। আগামী দিনে ছাত্রছাত্রী ও তরুণ সমাজ যাতে হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব উপলব্ধি করতে পারে, সেই উদ্দেশ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বিশেষ হনুমান চালিসা পাঠের আসর বসবে।