কলকাতায় অপরাধের বাড়বাড়ন্ত! লালবাজারের জরুরি বৈঠকে কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?

বার্তা ডেস্কঃ

শহরের অপরাধের ‘হটস্পট’গুলি চিহ্নিত করতে লালবাজারে আয়োজিত বিশেষ বৈঠকে সমস্ত থানা ও গোয়েন্দা দপ্তরের ওসিদের কড়া নির্দেশ দিলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনের মতো অপরাধ কোন এলাকায় বেশি ঘটছে, তার তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। কমিশনারের নির্দেশ অনুযায়ী, এক একটি অপরাধের ক্ষেত্রে অন্তত পাঁচটি সংবেদনশীল এলাকা চিহ্নিত করে সেখানে থানা ও গোয়েন্দা বিভাগের যৌথ বিশেষ নজরদারি চালাতে হবে। পাশাপাশি, সাইবার অপরাধ ও মাদক পাচার রুখতে সাধারণ মানুষের মধ্যে লাগাতার সচেতনতামূলক প্রচার চালানোর ওপর জোর দেওয়া হয়েছে।

তদন্তের মানোন্নয়ন এবং অপরাধ দমনে একটি সুনির্দিষ্ট ডেটা ব্যাংক তৈরির নির্দেশও দিয়েছেন কমিশনার। লালবাজার সূত্রে জানা গেছে, জুলাই মাসের খুন, সাইবার জালিয়াতি ও প্রতারণার মতো বিভিন্ন মামলার বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। শুধু অভিযুক্তদের গ্রেপ্তার করাই নয়, প্রতিটি মামলার যথাযথ ফলোআপ রেখে তাদের আইনি সাজা নিশ্চিত করতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন পুলিশ কমিশনার। বিশেষ করে, পকসো মামলার ক্ষেত্রে অতীতে দেরির বিষয়টি মাথায় রেখে আগামী দিনে ৬০ দিনের মধ্যে আবশ্যিক চার্জশিট পেশ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধের সঠিক রূপরেখা তৈরি এবং মামলার গতিপ্রকৃতি খতিয়ে দেখতে আগামী দিনে ভার্চুয়ালি আবারও বৈঠকে বসবেন পুলিশ কমিশনার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *