জাপানের সমুদ্র সৈকতে আইআইটি ছাত্রের রহস্যমৃত্যু, আসলে কী ঘটেছিল?
বার্তা ডেস্কঃ
জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে গিয়ে মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর মুখে পড়লেন খড়গপুর আইআইটির স্নাতকোত্তর ছাত্র শ্যাম সন্তোষ আগরওয়াল। মহারাষ্ট্রের বাসিন্দা ২৪ বছর বয়সি শ্যাম স্থাপত্য ও পরিকল্পনা বিভাগের মাস্টার্স অফ আর্কিটেকচার প্রোগ্রামের ছাত্র ছিলেন। গত মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ইন্টার্নশিপের অংশ হিসেবে তিনি জাপানে অবস্থান করছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, গত রবিবার তিনি সমুদ্রস্নানে নেমে গুরুতর আহত হন। এরপর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার এই সংবাদ খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর পুরো চত্বরে গভীর শোকের ছায়া নেমে আসে।
এই আকস্মিক মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর আইআইটি খড়গপুর কতৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আইআইটির অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী এই মৃত্যুকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন। পাশাপাশি, শোকস্তব্ধ পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তরতাজা তরুণের মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।