বিপর্যয় মোকাবিলায় নামছে ‘অর্জুন বাহিনী’, বড় দায়িত্ব পেলেন প্রাক্তন সেনারা!
বার্তা ডেস্কঃ
September 2, 202612:33 pm
বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে আরও জোরদার করতে রাজ্যে বিশেষ ‘অর্জুন বাহিনী’ গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই নতুন টিম গড়ার কথা জানান। প্রাথমিক পর্যায়ে ২০০ জন সদস্য নিয়ে এই বাহিনী তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করে জানান, রাজ্যে আমফান বিপর্যয় কিংবা তারাতলার সাম্প্রতিক দুর্ঘটনার মতো পরিস্থিতিতে দেখা গিয়েছে যে, বিপর্যয় মোকাবিলা দফতরের পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে। অতীতে এই বিষয়ে নজর না দেওয়াতেই সমস্যা তৈরি হয়েছে।
এছাড়া শহর কলকাতার বাড়ি ও বিভিন্ন উড়ালপুল (যেমন মাঝেরহাট, পোস্তা ও তারাতলা) নির্মাণের সময় নিয়মকানুন না মানার প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া অপরিকল্পিত নির্মাণের কারণেই এই ধরণের দুর্ঘটনা ঘটে থাকে।
বাহিনীর বণ্টন ও পরিকাঠামো:
- মোট সদস্য: আপাতত ২০০ জন।
- কলকাতায় মোতায়েন: ১০০ জন।
- পাহাড় অঞ্চলে: ৫০ জন।
- সুন্দরবন এলাকায়: ৫০ জন।
- দার্জিলিং, কাকদ্বীপ, দিঘা ও কলকাতায় এই বাহিনীর নিজস্ব পরিকাঠামো তৈরি হবে। আগামীতে বিভিন্ন পর্যটনকেন্দ্রেও এদের একটি করে ইউনিট রাখা হবে।
কারা থাকছেন এই অর্জুন বাহিনীতে?
- রাজ্য সৈনিক বোর্ড থেকে ৪০ বছর বয়স পর্যন্ত অবসরপ্রাপ্ত সদস্যদের বেছে নিয়ে এই দল গঠিত হচ্ছে।
- সিভিল ডিফেন্সের প্রশিক্ষণপ্রাপ্তদের এই বাহিনীতে কাজে লাগানো হবে।
- আগামী জানুয়ারি মাসে অগ্নিবীরের প্রথম ব্যাচ এলে তাঁদেরও এই টিমে নিয়োগ করা হবে। ভবিষ্যতে অর্জুন বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনা ও অগ্নিবীরদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
পদমর্যাদা ও বেতনকাঠামো:
- অর্জুন বাহিনীতে দুই ধরণের পদ থাকছে— সাধারণ সদস্যদের বলা হবে ‘বীর’ এবং দলনেতাকে বলা হবে ‘বীরনায়ক’।
- ‘বীর’ পদের সদস্যরা মাসে ২৫,০০০ টাকা এবং ‘বীরনায়ক’ পদের সদস্যরা মাসে ৪০,০০০ টাকা সাম্মানিক পাবেন।
- প্রতি বছর ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) হবে।
- সদস্যদের জন্য গ্রুপ বিমার সুবিধা থাকবে। ডিউ থাকাকালীন গুরুতর আহত বা ক্যাজুয়ালটির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বিমা কভারেজ প্রদান করা হবে।