প্রেমে পাগল দুই দাঁতালের রক্তক্ষয়ী লড়াইয়ে উত্তাল কার্শিয়াং!
বার্তা ডেস্কঃ
September 2, 202612:33 pm
সঙ্গিনীর দখল নিয়ে চা-বাগানে দুই দাঁতালের রক্তক্ষয়ী যুদ্ধ! আতঙ্কে কাঁপছে কার্শিয়াং
কার্শিয়াং: প্রজনন মরসুমে প্রথাগত আধিপত্য বিস্তার আর সঙ্গিনী পাওয়ার লড়াইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল দুটি বিশালাকার পূর্ণবয়স্ক পুরুষ হাতি। সোমবার কার্শিয়াংয়ের দুধিয়া সংলগ্ন লংভিউ চা-বাগানে এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। দুই বিশাল দাঁতালের বিকট গর্জন ও ভয়ঙ্কর লড়াই দেখে প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি শুরু করেন চা-শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
বন দফতর সূত্রে জানা গেছে, প্রজনন মরসুমে সঙ্গিনী লাভের উদ্দেশ্যে পুরুষ হাতিদের মধ্যে এমন হিংস্র লড়াই অস্বাভাবিক নয়। সম্প্রতি টুকরিঝাড় রেঞ্জে একই ধরণের লড়াইয়ে একটি হাতি গুরুতর আহত হয়েছিল। তাই খবর পাওয়া মাত্রই কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জলঘাটা রেঞ্জের বনকর্মীরা।
দীর্ঘ সংঘর্ষের পর হাতি দুটি আলাদা হয়ে ভিন্ন দিকে চলে যায়—একটি বাগডোগরা রেঞ্জের জঙ্গলে এবং অন্যটি বামনপোখরির গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছে। আপাতত চা-বাগান এলাকার বড়সড় বিপদের আশঙ্কা কাটলেও বনকর্মীদের চিন্তা কমেনি। যেকোনো মুহূর্তে হাতি দুটি আবার মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছেন বনাধিকারিকরা। কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পাণ্ডের নির্দেশে উভয় রেঞ্জের বনকর্মীরা লোকালয়ে কোনো নতুন বিপত্তি বা প্রাণহানি এড়াতে হাতি দুটির গতিবিধির ওপর ২৪ ঘণ্টার কড়া নজরদারি রাখছেন।