বাজারের অস্থিরতায় নাভিশ্বাস, সাধারণ মানুষের পাশে শুভেন্দু!
বার্তা ডেস্কঃ
কলকাতা: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং বাজারে নানা কারচুপি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতার ঐতিহাসিক হগ মার্কেটে ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’-এর সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে খাদ্যপণ্যের চড়া দাম ও খাদ্যে ভেজাল মেশানো নিয়ে রাজ্য প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু প্রশ্ন তোলেন, রাজ্যে পর্যাপ্ত চাল উৎপাদিত হওয়া সত্ত্বেও খুচরো বাজারে কেন চালের দাম অন্যায্যভাবে বাড়ছে? পাশাপাশি চিনি ও সবজির আকাশছোঁয়া দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে তিনি উদ্বেগ জানান। তাঁর দাবি, সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত হলেও এতদিন ক্রেতাসুরক্ষা দফতরটি রাজ্যে অবহেলিত ছিল।
বাজারের বিপজ্জনক অসাদুপায় তুলে ধরে তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেন। তাঁর অভিযোগ, মাছ ও সবজি তাজা দেখাতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষাক্ত রং ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে বেশি লাভের আশায় মিষ্টিতেও মেশানো হচ্ছে নিষিদ্ধ রং। দাঁড়িপাল্লায় ওজনে ঠকানোর পাশাপাশি এই চক্রে পুলিশের একাংশ, ফুড ইন্সপেক্টর ও কনজিউমার অফিসারদের মদত থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
শুধু বাজার দরই নয়, আবাসন খাতে প্রতারণা এবং অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে চলা ডিজিটাল জালিয়াতি নিয়েও মুখ খোলেন শুভেন্দু। সম্প্রতি নিউটাউনে ধরা পড়া ভুয়া বুকিং চক্রের উল্লেখ করে তিনি জানান, অতীতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ায় আজ সাধারণ মানুষকে খেসারত দিতে হচ্ছে। এই ধরনের প্রতারণা রুখতে প্রশাসনকে যেমন জিরো টলারেন্স নীতি নিতে হবে, তেমনই সাধারণ ক্রেতাকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।