১৫-০ ভোটে অপসারিত ধুলিয়ানের পুরপ্রধান, হাতছাড়া ইনজামুলের ক্ষমতা!

বার্তা ডেস্কঃ

ধুলিয়ান: টানটান উত্তেজনা ও কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ধুলিয়ান পৌরসভায় অনুষ্ঠিত হলো বহুল চর্চিত অনাস্থা সভা। মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপসারিত হলেন পুরপ্রধান ইনজামূল ইসলাম। সামসেরগঞ্জের বিধায়ক নুর আলমের উপস্থিতিতে এই অনাস্থা প্রক্রিয়ায় নিজের পদ হারান তিনি।

২১ আসনবিশিষ্ট ধুলিয়ান পুরসভার এই সভায় মোট ১৫ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। ভোটাভুটিতে উপস্থিত ১৫ জন কাউন্সিলরের প্রত্যেকেই ইনজামূল ইসলামের বিরুদ্ধে ভোট দেন। অর্থাৎ, অপসারিত চেয়ারম্যানের পক্ষে একটি ভোটও পড়েনি। ফলে ১৫-০ ব্যবধানে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়।

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন উল্লেখ্য, গত ৪ আগস্ট ধুলিয়ান পুরসভার ১৩ জন কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও সভা না ডাকায়, নিয়ম মেনে মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে এই তলবি সভা আয়োজিত হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরসভা চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। সভা চলাকালীন বাইরে উপস্থিত ছিলেন বিধায়ক নুর আলম এবং স্থানীয় তৃণমূল নেতা আনারুল হক বিপ্লব।

দলবদল করেও মিলল না সুরক্ষা অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর রাজনৈতিক সংকট কাটাত ইনজামূল ইসলাম তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। বিধায়ক নুর আলম আগেই জানিয়েছিলেন, দলবদল করে দুর্নীতির দায় থেকে রেহাই পাওয়া যাবে না। অনাস্থা ভোটের ফলাফলের পর নতুন পুরপ্রধান কে হতে চলেছেন, তা নিয়ে এখন ধুলিয়ানের রাজনৈতিক মহলে তীব্র চর্চা চলছে। শীঘ্রই প্রশাসনিক নিয়ম মেনে নতুন পুরপ্রধান নির্বাচনের জন্য সভা ডাকা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *