ডনবাসই কি পুতিনের শেষ রক্ষা? ক্ষমতা বাঁচাতে কেন এত মরিয়া তিনি!
বার্তা ডেস্কঃ
চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টিকে থাকার মূল চাবিকাঠি এখন ইউক্রেনের ডনবাস অঞ্চল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুরো ডনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ না নিয়ে যুদ্ধ থামানো হলে পুতিনকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে। ক্রেমলিন ঘনিষ্ঠ সূত্রের দাবি, যুদ্ধ শেষ হলে ক্ষমতাচ্যুত হয়ে ফাঁসিকাঠে ঝুলতে হতে পারে তাঁকে। দেশের অন্দরে প্রভাবশালী মহল ও ধনকুবেররা এই দীর্ঘমেয়াদী যুদ্ধের ব্যয় এবং ফলাফল নিয়ে প্রশ্ন তোলায় পুতিনের ওপর চাপ ক্রমেই বাড়ছে।
ইউক্রেনের লাগাতার প্রতিরোধ ও পশ্চিমা সহায়তার মুখে পুতিন বর্তমানে বড় কোনো শান্তিচুক্তি এড়িয়ে চলছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেন রাশিয়া-অধিকৃত অঞ্চলের ওপর থেকে দাবি ত্যাগ করলেই কেবল শান্তি আলোচনা সম্ভব। তবে ডনবাসের সম্পূর্ণ দখল ছাড়া যুদ্ধবিরতি ঘোষণা করা হলে তা রাশিয়ার দুর্বলতা হিসেবে বিবেচিত হবে, যা পুতিনের রাজনৈতিক অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি। ফলে ক্ষমতা ও প্রভাব বজায় রাখতে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া তাঁর সামনে আর কোনো পথ খোলা নেই।