রাজ্যের ওপর নিম্নচাপের কালো মেঘ, আজ কি ভিজবে আপনার জেলাও?

বার্তা ডেস্কঃ

রাজ্যে নিম্নচাপের প্রভাব অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি অত্যন্ত স্পষ্ট হয়ে উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে অগ্রসর হওয়ায় আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাবে রাজধানী কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ দিনভর দফায় দফায় ভারী থেকে মাঝারি বৃষ্টির শঙ্কা রয়েছে। কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলার কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, মালদা ও দুই দিনাজপুরেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে এখনই বড় ধরনের স্বস্তি পাচ্ছে না রাজ্যবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *