ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, প্রাণ হারালেন ভারতীয়সহ ১২ জন!
বার্তা ডেস্কঃ
ইউক্রেনে ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। সোমবার রাতভর চলা এই নৃশংস হামলায় এক ভারতীয় নাগরিকসহ কমপক্ষে ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, টানা ছয় দিন ধরে চলা এই হামলায় রাজধানী কিয়েভসহ ওডেসা ও আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাশিয়ার ‘গাইডেড এরিয়াল বোমা’ ও ড্রোন হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশতাধিক আবাসিক বাড়ি এবং বহু বেসামরিক অবকাঠামো। বিভিন্ন এলাকায় আগুন নেভাতে এখনও লড়াই চালাচ্ছেন দমকলকর্মীরা।
অন্যদিকে, রুশ প্রশাসনের দাবি, ইউক্রেনীয় সেনার অস্ত্রভাণ্ডার ও সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করতেই এই সুনির্দিষ্ট আক্রমণ চালানো হয়েছে। কিরঘিস্তানের বিশকেকে এসসিও সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতির মাঝেই এমন রক্তক্ষয়ী হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি সামাল দিতে এবং উদ্ধারকাজ সম্পন্ন করতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।