ডেঙ্গি রুখতে রাজ্যে ৩ দিনের মেগা সাফাই অভিযান, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
রাজ্যে ডেঙ্গির প্রকোপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতরের সঙ্গে উচ্চপর্যায় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে মশাবাহিত রোগ মোকাবিলায় একাধিক কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বর মাসটিকে ডেঙ্গি সচেতনতা মাস হিসেবে পালন করা হবে এবং আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর রাজ্যজুড়ে বিশেষ সাফাই অভিযান চালানো হবে। জমা জল থেকে মশার বংশবিস্তার রোধে নির্মাণস্থল, পুরসভা ও কেএমডিএ এলাকার পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সামান্য জ্বর দু’দিনের বেশি স্থায়ী হলে দ্রুত ডেঙ্গি পরীক্ষা করান। রাজ্যজুড়ে পর্যাপ্ত পরীক্ষার কিট মজুত রয়েছে এবং প্রয়োজনে বিনামূল্যে এই পরীক্ষার ব্যবস্থা করা হবে। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, গত বছরের এই সময়ে আক্রান্তের সংখ্যা সাত হাজারের বেশি থাকলেও, এ বছর তা কমে চার হাজারের কিছু বেশি দাঁড়িয়েছে। বর্তমানে রাজ্যে সক্রিয় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৪৮ জন। তবে নদিয়ার চাকদহ এবং কলকাতা পুরসভার ১২টি ওয়ার্ডে একাধিক আক্রান্তের খোঁজ মেলায় প্রশাসনকে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।