সেনা ছাউনিতে দুঃসাহসিক চুরি, উধাও একে-৪৭ ও হাজার হাজার বুলেট!
বার্তা ডেস্কঃ
তেলঙ্গানার সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত মাদ্রাজ রেজিমেন্টের একটি সুরক্ষিত অস্ত্রভাণ্ডার ভেঙে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার জেরে পাঁচটি একে সিরিজের অ্যাসল্ট রাইফেল, সাতটি পিস্তল, একুশটি ম্যাগাজিন এবং প্রায় উনিশ হাজার রাউন্ড গুলি উধাও হয়ে যায়। দেশের অন্যতম সুরক্ষিত সেনা ছাউনির ভেতর থেকে এত পরিমাণ অস্ত্র উধাও হওয়ার খবর জানাজানি হতেই এলাকায় চরম সতর্কতা জারি করা হয় এবং পুলিশ ও গোয়েন্দারা যৌথভাবে তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে, যাদের অস্ত্রভাণ্ডার ও তার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল। চেনাজানা কোনো পক্ষের সহায়তা ছাড়া এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মনে করছেন তদন্তকারীরা। যদিও পরবর্তী সময়ে চুরি যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, তবে ঘটনার সঙ্গে ঠিক কারা জড়িত এবং কী কারণে এই দুঃসাহসিক চুরি করা হয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।