বিনামূল্যে চিকিৎসা পেলেন রোগী, মুখ্যমন্ত্রীর ফোনে আবেগাপ্লুত পরিবার!
বার্তা ডেস্কঃ
আয়ুষ্মান ভারত যোজনার সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে জটিল অস্ত্রোপচার করিয়ে সুস্থ হয়ে উঠলেন দুই পরিবারের সদস্যরা। বীরভূমের চার বছরের শিশু ফারহান আলি এবং পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ভারতী পাইক—উভয়েই এই সরকারি সুবিধা পেয়েছেন। চিকিৎসা সফল হওয়ার পর স্বয়ং মুখ্যমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বীরভূমের মহম্মদবাজারের চার বছরের শিশু ফারহান আলির পায়ে সফল অস্ত্রোপচার হয় রামপুরহাটের একটি বেসরকারি হাসপাতালে। সিউড়িতে জেলাশাসকের দফতরে আয়োজিত অনুষ্ঠানে শিশুটির বাবা আসগার আলি মুখ্যমন্ত্রীকে জানান, ৫০ হাজার টাকার চিকিৎসায় তাঁদের একটি টাকাও খরচ করতে হয়নি। এই ঘটনায় মুখ্যমন্ত্রী জানান, গত ১৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৯ হাজার মানুষ এই পরিষেবা পেয়েছেন এবং দেশজুড়ে প্রায় ৬২ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধাপ্রাপ্ত।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি নার্সিংহোমে গলব্লাডারে পাথর হওয়া ভারতী পাইকের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এতে নির্ধারিত ৩১,৭০০ টাকার পুরোটাই মকুব হয়েছে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। তমলুক জেলা প্রশাসনিক ভবন থেকে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী সরাসরি ভারতীদেবী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার অভিজ্ঞতা জানেন। এই প্রকল্পের সঠিক প্রয়োগে মুখে হাসি ফুটেছে দুই পরিবারেরই।