ভুল অস্ত্রোপচারের বলি রোগী, মুখ্যমন্ত্রীর আশ্বাসে ফিরল আশা!

বার্তা ডেস্কঃ

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে চিকিৎসা বিভ্রাটের এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। পূর্ব কলকাতার বেলেঘাটার বাসিন্দা তথা একশো দিনের কাজের সঙ্গে যুক্ত গোপাল পোড়েলের পিত্তথলিতে পাথর অপসারণের কথা থাকলেও, ভুলবশত তাঁর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করা হয় বলে অভিযোগ ওঠে। পেটে ডানদিকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি হওয়া ওই রোগীর অস্ত্রোপচার ঘিরে তৈরি হওয়া এই গুরুতর বিভ্রান্তি জনসমক্ষে প্রথম আনেন এলাকার বিধায়ক কুণাল ঘোষ। পরবর্তীতে গলব্লাডার স্টোন অপারেশনের জন্য তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়।

এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। রোগীর অসহায় অবস্থার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হয় গোপাল পোড়েলের সঙ্গে। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য আর্থিক সাহায্যের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথিপত্রও তলব করা হয়েছে। যদিও স্বাস্থ্যমন্ত্রী এই চিকিৎসা বিভ্রাটের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন, তবুও মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন ভুক্তভোগী পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *