তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোন নিষিদ্ধ, ভক্তদের জন্য বড় নির্দেশ!

বার্তা ডেস্কঃ

মন্দিরের পবিত্রতা ও আধ্যাত্মিক পরিবেশ রক্ষা করতে অত্যন্ত কঠোর পদক্ষেপ করল তামিলনাড়ু সরকার। রাজ্যের ৫২টি বিখ্যাত মন্দিরে পুণ্যার্থীদের স্মার্টফোন নিয়ে প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, ভক্তদের মন্দিরে প্রবেশের ঠিক আগেই নির্দিষ্ট কাউন্টারে ফোন জমা দিতে হবে এবং এর জন্য মাত্র পাঁচ টাকা ফি ধার্য করা হয়েছে। তবে যে সমস্ত সাধারণ ফোনে ক্যামেরা নেই, সেগুলির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের একটি জনস্বার্থ মামলার নির্দেশ মেনেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বর্তমান সময়ে মন্দির চত্বরে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও রেকর্ড করা এবং সোশ্যাল মিডিয়ার জন্য ‘রিলস’ তৈরির প্রবণতা অতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় এই কড়া পদক্ষেপ করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের কর্মকাণ্ডে অন্য ভক্তদের মারাত্মক অসুবিধা হয় এবং মন্দিরের ভাবগাম্ভীর্য নষ্ট হয়। এই নিয়ম কার্যকর করতে মন্দিরের প্রবেশদ্বারে নোটিস বোর্ড স্থাপন ও মাইকে লাগাতার প্রচার চালানো হচ্ছে। ফোন জমা নেওয়ার পর ভক্তদের একটি টোকেন দেওয়া হয়, যা দেখিয়ে প্রস্থানকালে ফোন ফেরত নেওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *