নেপালের বন্যায় বিহারে ভয়াবহ দূষণ, মরা মাছ খাওয়ায় কড়া নিষেধাজ্ঞা!
বার্তা ডেস্কঃ
নেপালে সাম্প্রতিক ভয়াবহ হড়পা বানের মারাত্মক প্রভাব এসে পড়েছে প্রতিবেশী রাজ্য বিহারেও। নেপালের ত্রিশূলী নদীর প্লাবিত জল গণ্ডক ও কোশী নদী হয়ে বিহারে প্রবেশ করায় সেখানকার নদীগুলির জলস্তর এখন বিপদসীমার কাছাকাছি। এই নদীগুলিতে জলের স্রোতের সঙ্গে কেবল ধ্বংসাবশেষ বা পলি মাটিই আসছে না, ভেসে আসছে মানুষ ও গবাদি পশুর মৃতদেহ।
এই চরম পরিস্থিতিতে ভেসে আসা যে কোনো মাছ ধরা, বিক্রি করা বা খাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বিহারের প্রাণিসম্পদ মন্ত্রক। মঙ্গলবার জারি করা এক সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ভেসে আসা মাছের শরীরে নর্দমার আবর্জনা, বিভিন্ন বিপজ্জনক ব্যাক্টেরিয়া ও ভাইরাস থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বিহারের একাধিক এলাকায় এই ধরনের মাছ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নদী বা প্লাবিত এলাকার মাছ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, এই মাছ খেয়ে কারও শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার আবেদন জানানো হয়েছে। বন্যার ফলে তৈরি হওয়া জলদূষণ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি চালাচ্ছ বিহার প্রশাসন।