মিড-ডে মিলের দায়িত্বে কি ইসকন? তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!

বার্তা ডেস্কঃ

কলকাতা: কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলোতে মিড-ডে মিল সরবরাহ করছে ঠিক কোন সংস্থা—ইসকন নাকি অন্নমিত্র ফাউন্ডেশন? কলকাতা হাইকোর্টে জমা পড়া হলফনামা এবং রাজ্য স্কুল শিক্ষামন্ত্রীর বক্তব্যের বৈপরীত্য ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিভ্রান্তি। এই বিষয়ে রাজ্য সরকারের স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছে বিরোধী শিবির।

সম্প্রতি কলকাতা হাইকোর্টে দেওয়া একটি হলফনামায় ইসকনের প্রতিনিধি অনন্ত ভগবান দাস জানান, কলকাতা পুর এলাকায় মিড-ডে মিল সরবরাহের সঙ্গে ইসকনের সরাসরি কোনো সম্পর্ক নেই। ‘অন্নমিত্র ফাউন্ডেশন’ নামে একটি পৃথক সংস্থা এই কাজ পরিচালনা করে এবং এটিকে ইসকনের অংশ হিসেবে গণ্য করা ভুল। অথচ, রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের দাবি, মিড-ডে মিল সরবরাহের মূল চুক্তিটি ইসকনের সঙ্গেই করা হয়েছে।

শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরই সরব হয়েছে বিরোধী দলগুলি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, “হাইকোর্টের তথ্য অনুযায়ী যদি অন্নমিত্র ফাউন্ডেশন খাবার দিয়ে থাকে, তবে সরকার কেন ইসকনের নাম বলছে? এই অস্পষ্টতার কারণ ব্যাখ্যা করা উচিত।” অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তী আউটসোর্সিংয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “সরকার প্রথমে ইসকনের কথা বললেও এখন অন্য নাম উঠে আসছে। সরকারি বরাত দেওয়ার সঠিক নিয়ম মেনে কি এই আউটসোর্সিং করা হয়েছে?”

বিতর্কের জবাবে শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, পুরো বিষয়টি নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। মায়াপুর ইসকনের সঙ্গেই সরকারের চুক্তি হয়েছে এবং ‘অন্নমিত্র ফাউন্ডেশন’ ও ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’ উভয়ই ইসকনের শাখা বা সহযোগী সংস্থা। সেই চুক্তি অনুসারেই সংস্থাটি খাবার সরবরাহের দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, কেবল কলকাতা পুরসভাই নয়—পুরুলিয়া, হাওড়া এবং নন্দীগ্রামের কয়েকটি ব্লকে মিড-ডে মিল সরবরাহের জন্য প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে খাবার সরবরাহকারী হিসেবে ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-এর নাম উল্লেখ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *