উড়ান প্রকল্পে ডানা মেলছে মালদা, স্বপ্নের আকাশে ফিরছে বিমান!
বার্তা ডেস্কঃ
মালদা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফের সচল হতে চলেছে মালদা বিমানবন্দর। কেন্দ্র সরকারের ‘উড়ান’ (UDAN) প্রকল্পের অধীনে এই বিমানবন্দর থেকে পরিষেবা পুনরায় চালু করতে সক্রিয় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
বুধবার সকালে জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও এডিএম-কে সঙ্গে নিয়ে বিমানবন্দর পরিদর্শনে যান ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি। সেখানে বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন তারা।
পরিদর্শন শেষে বিধায়ক জানান, “খুব দ্রুত যাতে বিমানবন্দর চালু করা যায়, তার সমস্ত কাজ পুরোদমে চলছে। আজই পরিবহণ দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে পরিকাঠামোগত বিষয়গুলি উত্থাপন করা হবে।”
উল্লেখ্য, আশির দশকে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বরকত গনি খান চৌধুরীর উদ্যোগে মালদা বিমানবন্দর চালু হলেও তা মাত্র মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যায়। বর্তমানে এটি কেবল হেলিপ্যাড হিসেবেই ব্যবহৃত হতো। এই বিমানবন্দরটি পুরোদমে চালু হলে কলকাতা সহ দেশের অন্যান্য প্রধান শহরের সঙ্গে সংযোগ অনেকটাই সহজ হবে, যা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি আনবে।