দক্ষিণে স্বস্তির বৃষ্টি, উত্তরে বাড়ছে দুর্যোগের আশঙ্কা!

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির পর এবার আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সাময়িক স্বস্তির খবর থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু উদ্বেগের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেজ কিছুটা কমতে পারে। তবে এখনই পুরোপুরি স্বস্তি মিলছে না। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে—এই চার জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। এ ছাড়া কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে জারি রয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খারাপ আবহাওয়ার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *