রোদ উঠলেও কাটেনি শঙ্কা, বাংলায় বড় বিপদের পূর্বাভাস!

বার্তা ডেস্কঃ

রোদের দেখা মিলতেই কি দুর্যোগ কেটে গেছে বলে ভাবছেন? আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এই ধারণা সম্পূর্ণ ভুল। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় কেবল কলকাতাতেই ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উত্তর ওড়িশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপটি পশ্চিম ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার ফলে সাময়িকভাবে রোদের দেখা মিললেও, দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে মেঘের বহর এবং বৃষ্টির ধারাবাহিকতা আজকেও বজায় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে পশ্চিমাঞ্চলের জেলা যেমন পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমের জন্য বিশেষ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, ঝাড়খণ্ডেও অবিরাম বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পাওয়ায় দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) সকাল পর্যন্ত প্রায় ৭০ হাজার কিউসেক জল ছেড়েছে। এর ফলে নদী তীরবর্তী নিচু এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কা দেখা দেওয়ায় রাজ্যজুড়ে বন্যার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে নদী তীরবর্তী এলাকা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *