হানি ট্র্যাপে সর্বস্বান্ত মার্কিন সাংবাদিক, চিনের হয়ে চরবৃত্তির সাজায় জেল!
বার্তা ডেস্কঃ
চিনের হয়ে দীর্ঘমেয়াদি গুপ্তচরবৃত্তি করার গুরুতর অপরাধে মার্কিন সাংবাদিক টমাস পাউকেন ওরফে টম ম্যাকগ্রেগরকে দু’বছরের কারাদণ্ড প্রদান করেছে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ফেডারেল আদালত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনের একটি অভিজাত হোটেল থেকে ৫০ বছর বয়সি এই অভিযুক্ত সাংবাদিককে গ্রেপ্তার করে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই। মূলত চিনের শীর্ষস্থানীয় গুপ্তচর সংস্থা এমএসএস-এর এক নারী এজেন্টের হানি ট্র্যাপে পড়ে আমেরিকার একাধিক সংবেদনশীল ও গোপন রাষ্ট্রীয় তথ্য পাচার করার অভিযোগ প্রমাণিত হয়েছে তাঁর বিরুদ্ধে।
মার্কিন আদালতে দাখিল করা তথ্য ও প্রমাণের ভিত্তিতে জানা যায়, ২০১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত চিনের গোয়েন্দা কর্মকর্তাদের প্রত্যক্ষ নির্দেশে মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নানা গোপনীয় তথ্য সংগ্রহ করতেন ওই সাংবাদিক। এর বিনিময়ে তিনি ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি টাকা লাভ করেছিলেন। পরবর্তী সময়ে পুলিশি জিজ্ঞাসাবাদ ও আদালতের শুনানিতে নিজের সমস্ত অপরাধ স্বীকার করেছেন তিনি। আদালতের চূড়ান্ত রায় অনুযায়ী, জেলের মেয়াদ কাটার পর তাঁকে কঠোর শর্তসাপেক্ষে আরও তিন বছর পুলিশি নজরদারিতে কাটাতে হবে।