দলবদলের জল্পনার মাঝেই নজিরবিহীন নিরাপত্তা, কীসের ইঙ্গিত দিলেন সাংসদ আবু তাহের খান?
বার্তা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এনসিপিআই-এ যোগদানের পরই মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খানের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল রাজ্য পুলিশ। এতদিন তাঁর সুরক্ষায় মাত্র দু’জন কনস্টেবল মোতায়েন থাকলেও, এখন তাঁর কনভয়ে যুক্ত হয়েছে অতিরিক্ত রাজ্য পুলিশের স্কট। হুট করে নেওয়া এই নিরাপত্তাবৃদ্ধির সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র গুঞ্জন ও জল্পনা। বিরোধী শিবির একে রাজনৈতিক সমঝোতার ফল হিসেবে কটাক্ষ করলেও, সাংসদ ও প্রশাসনের পক্ষ থেকে স্বাভাবিক প্রক্রিয়া বলেই দাবি করা হয়েছে।
এই আকস্মিক নিরাপত্তা বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লার দাবি, রাজনৈতিক স্বার্থেই এই বাড়তি সুরক্ষা দেওয়া হয়েছে। অন্যদিকে, সাংসদ আবু তাহের খান স্পষ্ট জানিয়েছেন যে, আগে থেকেই পুলিশের নিয়মমাফিক প্রটোকল মেনেই যাতায়াত করেন তিনি এবং নিন্দুকেরা ভিত্তিহীন কথা বলছে। জেলা পুলিশের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, একটি সূত্রের দাবি—বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে।