যাদবপুরে ফের বিতর্কিত স্লোগান, উত্তপ্ত ক্যাম্পাস!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুছে ফেলা দেওয়ালে ফের নতুন করে বিতর্কিত স্লোগান লেখার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। গত শনিবার থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি মোছার কাজ শুরু হয়েছিল। এর আগে প্রথম দফায় দেওয়াল মোছার পর কার্ল মার্কসের উক্তি লেখা হলেও পরবর্তীতে তা চুনকাম করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে দেখা যায়, ওই একই দেওয়ালে ফের ইংরেজি হরফে বিতর্কিত স্লোগান লেখা হয়েছে, যেখানে হিটলার ও মুসোলিনির প্রসঙ্গ টেনে নানা কথা উল্লেখ করা হয়েছে। কে বা কারা এই স্লোগানগুলি লিখেছে, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ও বিশ্ববিদ্যালয় চত্বর। আজ বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র পক্ষ থেকে বন্দে মাতরম যাত্রা ও জাতীয়তাবাদী সম্মেলনের ডাক দেওয়া হয়েছে, যেখানে বেদমন্ত্র পাঠের কর্মসূচিও রয়েছে। অন্যদিকে, একই দিনে এসএফআইয়ের পক্ষ থেকেও মিছিলের কর্মসূচি রয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি এবং ক্যাম্পাসের দেওয়ালে বারবার বিতর্কিত স্লোগান ফিরে আসার ঘটনায় গোটা চত্বরে নিরাপত্তা ও রাজনৈতিক সংঘাতের পরিবেশ তীব্র আকার ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *