হোয়া

বার্তা ডেস্কঃ

হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচার বা ডিপি ব্যবহার করে অভিনব কায়দায় সাইবার প্রতারণার মাধ্যমে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আনন্দপুরের এক ব্যবসায়ীর অফিস শেক্সপিয়র সরণি এলাকায় অবস্থিত। সাইবার জালিয়াতরা একটি অচেনা নম্বর থেকে ওই অফিসেরই এক কর্মচারীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠায় এবং সেই অ্যাকাউন্টে প্রোফাইল ছবি হিসেবে সংশ্লিষ্ট ব্যবসায়ীর ছবি ব্যবহার করে। পরিচিত ছবি দেখে বিভ্রান্ত হয়ে ওই কর্মী মালিকের নির্দেশ বলেই বিশ্বাস করেন এবং সংস্থার বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৮ লক্ষ টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে স্থানান্তরিত করেন। টাকা পাঠানোর পরই অভিযুক্তদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আক্রান্ত ব্যবসায়ী রাজ্য ক্রাইম রেকর্ড ব্যুরোর (SCRB) দ্বারস্থ হন। এসসিআরবি-র নির্দেশেই শেক্সপিয়র সরণি থানায় জালিয়াতির মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হাতিয়ে নেওয়া ওই অর্থ কেরলের কোচিনের একটি ব্যাঙ্কে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তদন্তকারী আধিকারিকরা সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং সাইবার জালিয়াতদের চিহ্নিত করার মাধ্যমে পুরো চক্রটিকে ধরার চেষ্টা চালাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *