মহানায়কের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি, বাঙালির হৃদয়ে আজও অপ্রতিদ্বন্দ্বী উত্তম কুমার!
বার্তা ডেস্কঃ
বাঙালির মনন ও সংস্কৃতিতে মহানায়ক উত্তম কুমার এক অবিস্মরণীয় নাম। তাঁর জন্মশতবার্ষিকীতে বাংলা ভাষায় বিশেষ পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে ‘সপ্তপদী’ সিনেমার ক্লিপ শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, উত্তম কুমার এমন এক কিংবদন্তি, যাঁর কালজয়ী কাজের সঙ্গে বিভিন্ন প্রজন্মের মানুষ আত্মিকভাবেই একাত্ম হতে পেরেছেন। সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানেও তাঁর অভিনয় প্রতিভা ও পরিশ্রমের কথা স্মরণ করেছিলেন তিনি।
এদিকে, মহানায়কের জন্মদিনে টালিগঞ্জে তাঁর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ ও গৌতম ঘোষসহ একাধিক প্রখ্যাত টলিউড তারকা। মহানায়ককে প্রাতঃস্মরণীয় আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার, চলচ্চিত্র জগৎ এবং সংস্কৃতিপ্রেমী মানুষের সম্মিলিত উদ্যোগে এই দিনটি যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। বাংলা সিনেদুনিয়ায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।