উচ্ছেদ ঘিরে উত্তপ্ত কলকাতা, অশান্তি রুখতে লালবাজারের কড়া পদক্ষেপ!
বার্তা ডেস্কঃ
কলকাতায় অবৈধ নির্মাণ ভাঙা ও জবরদখল উচ্ছেদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটা রুখতে কঠোর পদক্ষেপ করল লালবাজার। উচ্ছেদ অভিযানকে মসৃণ করতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্প্রতি ৬ দফার বিশেষ নির্দেশিকা ও চেকলিস্ট জারি করেছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। নতুন এই নির্দেশে বলা হয়েছে, পুলিশ ও পুরসভার মধ্যে পারস্পরিক সমন্বয় রক্ষা করে আগে থেকেই পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে কোনো ঝামেলা এড়াতে দ্রুত কাজ শেষ করা, অভিযান শুরুর আগেই অগ্রিম আইনি নোটিস পাঠানো এবং যৌথভাবে স্থান পরিদর্শনের ওপর জোর দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশকর্মী নিশ্চিত করার পাশাপাশি স্পর্শকাতর এলাকায় কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারিক ও স্থানীয় থানার ওসি-র নেতৃত্বে বিশেষ দল মোতায়েন থাকবে। অভিযানে যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হবে ‘কুইক রেসপন্স টিম’ এবং প্রয়োজনীয় সংখ্যক মহিলা পুলিশকর্মীদেরও। এ ছাড়া, সিল করার আনুষঙ্গিক নথি ও পদ্ধতি আগে থেকেই প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পুলিশ সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে। লালবাজারের এই সুনির্দিষ্ট নির্দেশিকা শহরের বেআইনি নির্মাণ রুখতে এবং পুলিশের সুরক্ষা নিশ্চিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।