ভিটামিন সি-র আড়ালে বিষাক্ত রাসায়নিক পাচার, আমেরিকায় জেল হলো ভারতীয় ব্যবসায়ীর!
বার্তা ডেস্কঃ
ভিটামিন সি এবং অ্যান্টাসিডের ছদ্মবেশে প্রাণঘাতী মাদক ‘ফেন্টানাইল’ তৈরির কাঁচামাল আমেরিকায় পাচারের অভিযোগে ভবেশ রাঞ্ছোরভাই লাঠিয়া নামের ৩৭ বছর বয়সী এক গুজরাটি ব্যবসায়ীকে ৫৪ মাসের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। ব্রুকলিনের ফেডারেল আদালতে বিচারক জোসেফ নোসেলা জুনিয়র এই রায় ঘোষণা করেন। সাজা ভোগের পাশাপাশি সুরাটের ‘রেক্সটার কেমিক্যালস’-এর মালিক ভবেশকে ২৪ হাজার ৫৬০ ডলার (প্রায় ২৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। মার্কিন আদালতের নির্দেশ অনুযায়ী, ২০৩১ সালে সাজা শেষ হওয়ার পর তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হবে।
তদন্তে জানা গেছে, ভিটামিন পণ্যের আড়ালে ৫০ পাউন্ডের বেশি বিষাক্ত রাসায়নিক যুক্তরাষ্ট্রে পাচার করেছিলেন ভবেশ। মার্কিন মুলুকে ফেন্টানাইলের ওভারডোজে বহু মানুষের মৃত্যুর মতো জাতীয় সংকটের মধ্যে নিজের স্বার্থে এই প্রাণঘাতী কাঁচামাল সরবরাহ করায় ২০২৫ সালের জানুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সর্বোচ্চ ৫৩ বছরের কারাদণ্ডের বিধান থাকলেও গত এপ্রিলে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে সাড়ে চার বছরের সাজা দেওয়া হলো। বিচারক জানান, কড়া সাজার মাধ্যমে চোরাচালানকারীদের কাছে স্পষ্ট বার্তা পাঠানো হলো।