রেললাইনে ভয়াবহ ধস, বাতিল উত্তরবঙ্গের সব ট্রেন, বিকল্প উপায় কী?
বার্তা ডেস্কঃ
পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামার কারণে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। সকাল থেকে দূরপাল্লার ট্রেনগুলি ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলার পর সন্ধ্যায় রেলের পক্ষ থেকে জানানো হয়, ‘উত্তরবঙ্গ এক্সপ্রেস’ ছাড়া আজকের বাকি সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্তে টিকিট কেটে রাখা হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ায় জরুরি প্রয়োজনে গন্তব্যে পৌঁছানোর জন্য এখন সাধারণ মানুষের একমাত্র ভরসা সড়ক পথ।
যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু বেসরকারি বাস পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী আয়ুষ লাক্সারি, আরাধনা পরিবহন এবং উত্তরের সাথী বাস রাতে রওনা হয়ে পরদিন ভোরে পৌঁছাবে, যার ভাড়া ৭৯৯ থেকে ১৫০০ টাকার মধ্যে। পাশাপাশি শিলিগুড়ি যাওয়ার জন্য রয়্যাল ক্রুজার, লোকনাথ বাস সার্ভিস এবং মদন মোহন ট্রাভেলসের মতো একাধিক বাস রয়েছে, যেগুলির ভাড়া শুরু হচ্ছে ৭৯৯ টাকা থেকে। বাস বুকিং অ্যাপ কিংবা বাগুইআটির মতো প্রধান বাস স্টপগুলি থেকে টিকিট কেটে যাত্রীরা সহজেই এখন গন্তব্যে পৌঁছাতে পারবেন।